সম্পাদকীয়

কে বিদেশি

ভারতবর্ষের এক রাজ্যের মুখ্যমন্ত্রী নিদান দিয়েছেন, 'যাদের মাতৃভাষা বাংলা, তারা বাংলাদেশি, তারা বিদেশি। তাদের দেশ ছাড়তে হবে।' কেন্দ্রীয় সরকার সেই আগুনে ঘৃতাহুতি দিয়ে চলেছেন। রাজ্যে রাজ্যে তাই, বিশেষকরে ওড়িশা, রাজস্থান, মহারাষ্ট্র, দিল্লি, আসাম, গুজরাট প্রভৃতি স্থানে বাংলাভাষী খুঁজে বার করা হচ্ছে এবং কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় দেশছাড়া করার ব্যবস্থা চলছে। ইতিমধ্যে সংখ্যাটা হাজার ছাড়িয়েছে, যার অধিকাংশই পরিযায়ী শ্রমিক।

ভাবলে অনেক সময় অবাক লাগে! আজ যদি স্বামী বিবেকানন্দ ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বেঁচে থাকতেন, ওরাও কী তাহলে বিদেশি বলে আজ চিহ্নিত হতেন? রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি জাতীয় সঙ্গীত রচনা করেছেন; বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি বন্দে মাতরম গানটির শ্রষ্টা; নেতাজী সুভাষচন্দ্র বোস, যিনি 'জয় হিন্দ' স্লোগানের উদ্গাতা তাঁরা?

পরিসংখ্যান বলে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকের সংখ্যা ২২ লাখ। এরাই আজ সহজ আক্রমনের শিকার। সংখ্যাটা অনেকের বেশি মনে হয়। অথচ কোলকাতায় ৬০ লক্ষ অবাঙালি থাকে, যেখানে বাঙালি সংখ্যালঘু। আসানসোল, খড়গপুর, সল্টলেক, দার্জিলিং, কালিম্পং, কার্সিয়াং এমন অনেক শহরেই বাঙালি আজ সংখ্যালঘু। কিছু বাঙালি যদি চাকরি না করে ব্যবসা করে, তবে এই চিত্রটা অবশ্যই বদলে যাবে।

এবার বাংলাভাষা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা শোনা যাক।

"বাংলাদেশে জন্মেছে বলেই যে বাঙালি তা নয়; বাংলাভাষার ভিতর দিয়ে মানুষের চিত্তলোকে যাতায়াতের বিশেষ অধিকার পেয়েছে বলেই সে বাঙালি।

বাঙালি একটি সত্য বস্তু পাইয়াছে, ইহা তাহার সাহিত্য। এই সাহিত্যের প্রতি গভীর মমত্ব স্বতই বাঙালির চিত্তকে অধিকার করিয়াছে। এইরূপ একটি সাধারণ প্রীতির সামগ্রী সমগ্র জাতিকে যেরূপ স্বাভাবিক ঐক্য দেয় এমন আর কিছুই না। স্বদেশে বিদেশে আজ যেখানে বাঙালি আছে সেখানেই বাংলা সাহিত্যকে উপলক্ষ্য করিয়া যে সম্মিলন ঘটিতেছে, তাহার মতো অকৃত্রিম আনন্দকর ব্যাপার আর কী আছে।"

কবি তাঁর গানে বাঙালিকে আপনকরে বলেছেন,

"বাঙালির পণ, বাঙালির আশা
বাঙালির কাজ, বাঙালির ভাষা
সত্য হউক, সত্য হউক, সত্য হউক হে ভগবান।
বাঙালির প্রাণ, বাঙালির মন
বাঙালির ঘরে যত ভাইবোন
এক হউক, এক হউক, এক হউক হে ভগবান
"।

আরেক গায়ক কবি বাংলার গান শুনিয়েছেন -

"বাংলা আমার তৃষ্ণার জল
তৃপ্ত শেষ চুমুক
আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ
আমি বাংলায় গান গাই
আমি বাংলার গান গাই
আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই
বাংলা আমার জীবনানন্দ
বাংলা প্রাণের সুখ
আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ
।"

"এই বাঙালিকে কেউ দাবায়ে রাখতে পারবা না"।


১৫ জুলাই, ২০২৫