কবিতা

আকাশ আমার খুব পরিচিত



তাপস দেবনাথ


মাথার ওপর মহাকাশের শূন্যতা আমায় ভালোবাসতে শেখায়
উদারতার অলৌকিক মায়া আছে সমগ্র আকাশ জুড়ে
ভীষণ মন খারাপের অবুঝ নেশা, যখন চারিদিকটা অন্ধকার করে দেয়...
আকাশ একমাত্র সাক্ষী তার।
কত অজানা আক্ষেপ ছুঁড়ে দিই ওই নীলাকাশে
সহস্র যন্ত্রণারা কতবার ছুটে যায়
আকাশের বুক চিরে বিদ্যুতের চির বীভৎস রূপ দেখা দেয় কতবার, তবুও সে নির্বিকার।

মাথার উপর মহাকাশের শূন্যতা আমায় ধৈর্য ধরতে শেখায়
ধৈর্যের এক অলৌকিক শক্তি আছে ঐ মহাশূন্যের...
যন্ত্রণার ব্যাধিগ্রস্তে একবার আকাশের দিকে তাকাই একবার মাটির দিকে...
কতবার শূন্যে মিলিয়ে যেতে চাই একা একা...!
চারিদিকের মায়া কেমন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে রাখে আকাশের শূন্যতায় মিলিয়ে না দেবার জন্য।
একটা হালকা বাতাস খেলে যায় সারা শরীর ছুঁয়ে
সমগ্র আকাশের বুকে নেমে আসে নীল সমুদ্রের ঢেউ,
জাগে মুক্তির ভালোবাসা!

এই আকাশেই সূর্য ওঠে লাল হাসি মাখা মুখে...

সূর্য আর একবার লাল হয়!

মানুষের ছায়া যখন মানুষের থেকে অনেক বড় হয় তখন...
পশ্চিম আকাশে বেলাশেষে

অস্ত যাবার সময়!

আকাশ আমার খুব পরিচিত
মুক্তির ভালোবাসা দেয় যাওয়া-আসার সময়।

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।