কবিতা

বিবেকের বিবর্তন



মুন্সি কবির (বাংলাদেশ)


আর জাইগা থাকনের কাম নাই...
তুই জাইগা থাকলেই ফিনকি দেয়া জোছনার ভেতর
ডাকাতি করতে নামে বহুরূপীর দল।
জাগনের ভিতর মাওড়া শিশুর লাহান কাইন্দা জারেজার হয় মানচিত্র, মাটি।
দপদপ কইরা ওঠে নন্দনবাত্তির আলো!
আর চোখ খুইলা রাখনের কাম নাই তোর! ডুব দে' অসহ্য ঘুমের ভেতর।
হাজারো দুঃস্বপ্ন যেন রক্তাক্ত কইরা দেয় তোর হাতের
তালু, তোর নিরবতার ভেতরে যেন উত্তাল হইয়া ওঠে
আগুন বেচনের বাজার।
তোর দগদগে শ্বাসে পুলকিত হইয়া যায় ইতিহাস,
যাপনের নতুন শব্দে জীবন খুইজা পায় বাতাস।

তোর স্বপ্নের মিছিলে ব্যারিকেড হোক অনৈতিকতার আস্ফালন!
তোর নিবিড় নিরবতার ভেতর বন্য ঘোড়ার পিঠে বইসা
তীরের মতোন ছুইটা গিয়া হত্যা করুক লালসার পোশাকধারী লোভী মাইনস্যের
আর তছনছ কইরা দিক বিবিধ অধর্মের বিজ্ঞাপন।

তাই বলতাছি আর জাইগা থাকনের দরকার নাই...
এইবার তুই হ... অগ্নিশিখা, কঠোর মৃত্তিকা আর
বিদ্রোহীর মুখ...
তুই হইয়া ওঠ নিরব, শান্ত অথচ এক অন্যরকম
সোনালি মানচিত্রের সুখ!