এখন আমি কিছুই পারি না। হাত কাঁপে। অসুস্থতায় নয়। বুক কাঁপে। ভয়ে নয়। আত্মবিশ্বাসের অভাব? হতেও পারে। যখন অনেক কিছুর অভাব ছিল, তখন ছিল ভরপুর আত্মবিশ্বাস। এখন অনেক কিছু আছে, কিন্তু সেই আত্মবিশ্বাসটাই বোধহয় অনেকটা টলে গেছে।
- এইসব লিখেছিল লোকটা আত্মহত্যার আগে। আরো কিছু লিখেছিল। কেন সে এমনটা লিখে গেল, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণে বসেছেন জ্ঞানীরা। কেউ বলছেন, ছোটো ছোটো ব্যর্থতা জমে জমে পাহাড় হয়েছিল। কেউ বলছেন, রিসেন্ট কোনো বড়ো আঘাত পেয়েছিল।
কারো বিশ্লেষণ, অনেক পাওয়া হয়ে গিয়েছিল, তাই বেঁচে থাকার কোনো মানে খুঁজে পাচ্ছিল না।
কারো মনে হচ্ছে, হয়তো গুপ্ত কোনো রোগ ছিল। কেউ ভাবছেন ধারদেনায় ডুবে গেছিল হয়তো।
কেউ কেউ ভাবছেন, কোন কোন পরিস্থিতিতে কী কী কারণে মানুষের আত্মবিশ্বাস কমে যায় আর এমন হঠকারি সিদ্ধান্ত নিয়ে ফ্যালে!
লোকটা এভাবে চলে গিয়ে, চেনা-অচেনা বহু মানুষের মনে তদন্ত কমিশন বসিয়ে গেল। মৃত্যুর পর মানুষের নবজন্ম হয়। পরিচিতরা তাকে নানা অ্যাঙ্গেল থেকে দেখতে শুরু করে। নতুন নতুন বৈশিষ্ট্য আবিষ্কৃত হয়। এই সেই নবজন্ম।
