কবিতা

মুখোমুখি



ইউসুফ কোমুনইয়াকা (ভাষান্তরঃ গৌতম চক্রবর্তী)


আমার কৃষ্ণ মুখ ম্লান হয়ে যায়,
লুকিয়ে পড়ে
কালো গ্রানাইটের ভেতর।
বলেছিলাম, না, কাঁদব না -
ধেত্তেরি, চোখে জল নয়।
আমি পাথর, রক্তমাংসও বটে।
আমার ঝাপসা প্রতিবিম্ব
তাকিয়ে থাকে
আমার দিকে,
শিকারি পাখির মত,
রাতের ছায়া হেলে পড়ে
ভোরের দিকে।

আমি এদিকে ফিরি -
পাথর আমায় ছেড়ে দেয়।
আমি ওদিকে ফিরি -
আমি আবার ভিয়েতনামের
প্রবীন স্মৃতিসৌধে।
সেখানে আলোই নির্ধারণ করে
কে কোথায়।

আমি তালিকা ধরে
৫৮,০২২-তম নামের
নিচে নেমে আসি,
অর্ধেক আশায় খুঁজি
আমার নিজের নাম -
ঝাপসা অক্ষরে।
ছুঁয়ে দেখি সেই নাম -
"অ্যান্ড্রু জনসন";
আর দেখি বুবি ট্র্যাপের
সাদা ঝলক।

এক নারীর ব্লাউজে
ঝিলমিল করে ওঠে
কত নাম,
সে হেঁটে চলে যায়,
কিন্তু নামগুলো
থেকে যায় দেয়ালেই।

তুলির আঁচড়ের মত
এক ঝলক,
এক লাল পাখির ডানায়
কেটে যায় আমার দৃষ্টিরেখা।

আকাশ।
আকাশে এক বিমান।
এক শ্বেতাঙ্গ সৈনিকের
প্রতিচ্ছবি ভেসে আসে,
তার ফ্যাকাসে চোখ
আমার চোখের ভেতর দিয়ে
চলে যায়।
আমি যেন এক জানালা।

সে হারিয়েছে তার ডান হাত
এই পাথরের ভেতরেই।

কালো আয়নায়
এক নারী মুছে দিতে চায়
এক নাম -
না, সে এক ছেলের চুল আঁচড়ে দিচ্ছে এখন।

 


ইউসুফ কোমুনইয়াকা (কবি, মার্কিন যুক্তরাষ্ট্র।)



(ভাষান্তরঃ গৌতম চক্রবর্তী)