কবিতা

হেমন্ত



তপতী চ্যাটার্জী


প্রকৃতির ক্যানভাসে ছোট থেকে ছোট হয়ে যাওয়া বিষন্ন দিন - হেমন্ত
শুধুই মনখারাপ, যেন ব্যাথা উথলে উঠছে
মনখারাপের কি কোন রঙ হয় - বিষন্নতার?
কোন্ রঙে সাজাবো একে?
কোন্ আলপনায় ফুটে উঠবে হেমন্তের ছবি?
যেন - দীর্ঘকাল অনাবাসী মানুষ হাঁটতে হাঁটতে
ঝুঁকে পড়ে বিন্দুতে
যেন - দু'হাতে সব কিছু আঁকড়ে ধরতে চেয়ে
ছড়িয়ে যায় মুহূর্তে
বিষন্ন আকাশ রোদ আসি আসি করেও আসে না,
যাই যাই করেও হেমন্ত যেন
কিভাবে টিঁকে যায় ঋতুদের মাঝখানে
তখন প্রেমিকরাও ভালোবাসার কথা বলতে গেলে ঝিমায়,
তবু থাকুক হেমন্ত তার নিজস্বতায়
অন্য ঋতুর উজ্জ্বলতা বাড়াতে তার ত্যাগ অসামান্য।

চিত্রশিল্পীঃ গোপাল ঘোষ