কবিতা

ভোলেনি কেউ



নির্মলেন্দু শাখারু


শান দিয়ে যাও কাস্তে গানে
জানি সে গান বাঁচার মানে...
কাব্য তোমার জীবনবোধের -
জীবন জয়ের ছন্দ আনে...!

সর্বহারার অধিকারে -
প্রতিবাদী গান লিখেছ...
কাব্যতে তাই - ছন্দ দিয়ে
কলমে তার ভাব এঁকেছ...!

'গাঁয়ের বধূর কথা শোনাও' -
তোমার লেখা গানের সুরে...
সেই সুরে মন ভেসে বেড়ায়
অজানা দেশ বহুদূরে...!

মানুষের গান তোমার চয়ন
শুনলে সেসব দু-চোখ ভিজে...
তোমার সৃষ্টি আজও অমর
হয়নি সলিল সমাধি যে...!

(কবি ও সুরকার সলিল চৌধুরী স্মরণে)

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।