কবিতা

বাংলার গান, স্বপ্নের গান



প্রদীপ কুমার চক্রবর্তী


বাংলার গান, বাংলায় গান
    সুর তাল লয়ে ভাষাময়,
বাংলার দিঘি, বাংলায় নদী
    ধারা জলে চির ঝলমল,
বাংলার ফুল, বাংলায় পাখি
    নব প্রাণরসে অক্ষয়
বাংলার মাঠ, কত‌ আকুলতা
    চিরযৌবনা কত উজ্জ্বল।

বাংলার সুখ, বাংলায় সুখ
    কত প্রার্থিত তাই চাওয়া
বাংলার হাসি, বাংলায় হাসি
    চিরচঞ্চলা যেন মুক্ত,
বাংলার কথা, বাংলায় কথা
    অমলিন খুশি পাওয়া
বাংলার চাষী, বাংলায়‌ চাষী‌
    অতুল মায়ায় তৃপ্ত।

বাংলার সুর, বাংলায় সুর
    'প্রতুল'-ভাষ্যে গীতিময়
বাংলার প্রাণ, বাঙালির প্রাণ
    কোকিল লাস্যে উন্মন
বাঙালির গান, তান অফুরান
    নিখিল কণ্ঠে বাঙ্ময়
জীবনের ইতি, থেকে যায় রেশ
    জাগে স্বপ্নের শিহরণ।

বাংলার গান, বাংলায় গান
    কণ্ঠ হয়েছে স্তব্ধ,
ভাষা দিবসের প্রত্যয়ী সুর
    তাঁকে ছাড়া বেমানান,
জীবন তরণী চলে পরপারে
    বাঙালিরা বাকরুদ্ধ
চির সবুজের সেই স্বপ্নের পায়ে
    এই অঞ্জলি অম্লান।

চিত্রঋণঃ প্রতুল মুখোপাধ্যায়-এর ছবি ন্তর্জাল থেকে প্রাপ্ত।