ঘুমের শরীর বেয়ে উঠে আসে অজস্র পোকার দল।
তারা শুধু ঘুম নয়, স্বপ্নের ভিতর
খেলা করে, সহবাস করে, জন্ম নেয়
বহু যুদ্ধবাজ।
যুদ্ধের বাজারে তারা পসরা সাজায়, কালোবাজারির দলে
মিশে গিয়ে আমাকে নাস্তানাবুদ করে। অথচ আজকে তারা
শান্তি নয়, যুদ্ধ চাই; স্লোগানে স্লোগানে
আকাশ বাতাস কাঁপিয়ে তোলার পর
আমারও ঘুম ভাঙে। ঘুম ভেঙে উঠে আমি
চিৎকার করেছি - চাকরির জন্য যুদ্ধ চাই;
দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চাই; সরকারি শিক্ষার তাগিদে
যুদ্ধ চাই আর যুদ্ধ চাই নিজেকে যুদ্ধের জন্য
প্রস্তুত করতে।
সঙ্গে সঙ্গে পোকাগুলো আমার চোখে, কানে ও মাথায়
ঢুকে পড়ল। তাদের যুদ্ধ চলল আমার মাথার ভিতরে।
আমি সেই উত্তেজনার আভাস পেতেই
আবার ঘুমিয়ে পড়লাম।
ঘুমের ভিতর, স্বপ্নের ভিতর আমি
স্লোগানে স্লোগানে এগিয়ে চলেছি যুদ্ধের দিকে।
আমি কিন্তু একা নই, আমি ও আমরা
প্রত্যেকেই সেই পোকাদের সঙ্গে হেঁটে যাই...
শান্তি নয়, যুদ্ধ চাই স্লোগানে কাঁপিয়ে তুলি
নিজেদের প্রিয় ভবিষ্যত ও ভবিষ্যতের ঘুম।
