আমি তখন তেইশ বছর বয়সের যুবক
প্রখর যৌবন
পৃথিবীটা তখন মনে হতো হাতের মুঠোয়
ঠিক সেই সময়ে শংকর দাশগুপ্তের সঙ্গে আলাপ
তখন তাঁর বয়স তিরিশ।
চমৎকার গল্প লিখতেন শংকরদা
বেশিরভাগই প্রেমের গল্প
উদাসীন নির্জন ভালোবাসার গল্প
সেই গল্পে শারীরিক সম্পর্ক ছিল না, শুধুই রোমান্স
সংলাপের ভাষায় মুগ্ধতা
হয়তো বিকেলের দেখা
হঠাৎ বৃষ্টি-ভেজা সন্ধ্যা
আবার নির্জন দুপুরে প্রেমিকার ঠিকানা খোঁজা
এরকম চমৎকার গল্প
কখনো মন ভালো করা কবিতা।
শংকর দাশগুপ্ত আমাদের শংকরদা ভালো আবৃত্তি করতেন
গোলাম কুদ্দুস জীবনানন্দ দাশ শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা অনায়াসে আনন্দে
আবৃত্তি করতেন
নাটকে অভিনয় করেছেন বহুবার
নাটক দেখতেন
আমাকে দেখিয়েছেন
অজিতেশ বন্দোপাধ্যায় অভিনীত 'মঞ্জরী আমের মঞ্জরী' নাটকটি।
শংকরদার সঙ্গে গিয়েছিলাম
বাঁকুড়ার ছানদারে
মনে হয় গতজন্মের স্মৃতি
সেই শংকরদা কি জানি কিসের লাগি
টিভি সিরিয়ালের সঙ্গে যুক্ত হলেন
'জননী', 'জন্মভূমি'
সিরিয়াল খুবই জনপ্রিয় হয়েছিল
শংকরদার চিত্রনাট্য
চমৎকার সংলাপ
এখানেই শংকরদা একটু একটু করে অন্য রকম হয়ে উঠলেন
আমারও যোগাযোগ কমে এলো
তারপর
তারপর
শংকরদা চলে গেলেন বিপরীতে
আর দেখা হলোনা।
