কবিতা

শপথ



অরূপ পান্তী


স্বপ্ন সত্যি হয় কখনো কখনো
হঠাৎ পর্দা সরে গেলে যেমন আলো
তেমনি সম্মুখে চাঁদ, একরাশ জ্যোৎস্না বিলাস
এ সময় চঞ্চল হরিণটি এলো
শব্দপাঠ ও পরিক্রমায় দৃঢ়কল্প সে
আমি প্রেমরত্ন খোঁজে যেমন আজন্ম ডুবুরি।

এ কি পূজা! নাকি নিবেদন! শব্দেরা বেজে ওঠে
মুখমন্ডল জুড়ে ভেসে ওঠে ফসফরাস আলো
হে নৈঃশব্দ! শব্দ ভিখিরিকে পথ দেখাও
পুরুষ অভিলাষ দূরে ঠেলে কবিতা নির্মাণ
এই আমাদের আলিঙ্গন ও চুম্বন
দূরে সরে যাক সকল বিষাদ কুহক।

এখনো শব্দ ও অক্ষরের হোমগ্নি থেকে
মশাল জ্বালিয়ে নিয়ে পাড়ি দিতে হবে দীর্ঘ পথ।