‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
তোমার নরম হাতদুটি আমাকে দাও,
আমার যজ্ঞের অরণিকাষ্ঠ হবে,
লক্ষ লক্ষ মানুষের রক্ত ঘামে সিক্ত
এ জন্মভূমিকে পবিত্র করতে
নিষ্পাপ পুষ্পরেণু প্রয়োজন,
একগুচ্ছ দিতে পারো আমাকে?
একসাথে পথ খুঁজবো বলে
তোমার হাতে হাত রেখেছিলাম,
অন্ধকারের অতলে হারিয়ে গেলে তুমি,
আমি পারিনি তোমাকে ফেরাতে।
কোন বৈজ্ঞানিক কারণে
চারপাশে আগুন জ্বলে উঠলো,
অরণিকাষ্ঠের যোগান সবাই দিলো
কিন্তু আমি পারিনি, স্বার্থপর বলে।
আজও পারি না কণ্ঠ চড়িয়ে
ধমক দিয়ে সবকিছু ছিনিয়ে নিতে,
পারি না, শুকিয়ে যাওয়া অশ্রুকে
জমাট বাঁধিয়ে পাথর বানাতে।
খনির গোপন গহ্বর থেকে
তুলতে পারি না আগুনের কোরক,
অপবর্গের প্রলাপে অনন্তকাল
টিকে থাকতে পারি না,
তাই যজ্ঞযূপের বন্দিত্বে
নির্বিকার চিত্তে একাই বেঁচে থাকি।
তোমার নরম ওই হাতদুটি
আমার স্বপ্নকে বাঁচিয়ে রাখতে পারে।
