কবিতা

বাঁচতে দিও



ইতিকা সাহা


বেঁচে আছি -
নিথর হয়ে আমারই পাশে আমি!
অবশ হাত, দু'ধারে আরও অনেকগুলো হাত
হোলি খেলে রক্ত ঢেলে
আমারই বুকে উদ্দাম নৃত্যের তালে
আমি শুধু অসহায়ের মতো চেয়ে আছি!

বাঁচতে চাই তবু আজ -
বুকে চাপ চাপ নিঃশ্বাস
বাঁচার নেশা সংগ্রামে লিপ্ত
প্রচেষ্টা অসহায় যন্ত্রণাক্লিষ্ট!

জীবনযুদ্ধের গ্লানি সুদীর্ঘ
এক চাপা কষ্ট, গুমোট ভাবনা
ভাসিয়ে নিয়ে চলে কাজল ধুয়ে
বেলাশেষে সুখের উপাচার
বেরঙিন বাঁচার স্বপ্ন!

পৃথিবীর আকাশটা বড্ড ঘোলাটে
পৃথিবীর সব রঙ শুষে নিতে উদ্ধত
কালো কালো হাত আগ্রাসী হয়ে ওঠে
জ্যোৎস্নার চোখ ফোঁটা ফোঁটা জলে ভাসে
চাপা কষ্টটা ধুয়ে নিতে...

বাঁচার আশ্বাস খুঁজে নিতে চাওয়া
অন্তত যে কটা দিন বেঁচে আছি, শান্তিতে!