কবিতা

আধার



কেতকীপ্রসাদ রায়


পথ চেয়ে বসে আছে পথিক
যেভাবে ফুল চেয়ে বসে থাকে বোধিবৃক্ষ
যেভাবে নদী শরীর খুলে অপেক্ষা করে -
কোন্ জল বুকে ধরে বেড়াবে অনন্ত জীবন।
যেমন মাষ্টারমশাই অপেক্ষা করে বসে থাকেন -
দঙ্গল ছাত্ররা উত্তীর্ণ হয়ে বিশ্বের দরবারে রাজ করবে!

কোন্ জন্মের অপেক্ষায় আসন পেতে রেখেছো হে...?
এবার তো তেমন কিছুই দিতে পারেনি;
বড়ো সংকট-সময়ের মধ্য দিয়ে চলেছি আমরা।
পরেরবারও যে প্রভূত কিছু দিতে পারবো তেমন দৃঢ় স্বর নেই;
তবু জঙ্গলের মধ্যে বাঁচিয়ে রাখি শিবজ্ঞানে নিজেদের বিশ্বাস।

আমার জন্মভূমি পথ চেয়ে বসে আছে সুসন্তান গর্ভে ধারণ করবে বলে।
নিশ্চিৎ সুসন্তানও পথ চেয়ে বসে আছে আধারের খোঁজে।

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।