কবিতা

ভাইরাস



সৌভিক ভট্ট


হ্যালোজেন রাতে মড়া ফুটপাতে
একা একা মরে, লোক তবু হাঁটে
হাঁটে তারা পায়ে, ধুলো মরা গায়ে
মড়া পড়ে থাকে, লোক হেঁটে যায় -
পচন ধরা শুরু - দুর্গন্ধ!
লোক হেঁটে যায় - দমবন্ধ!
এইডসের মড়া, 'পাপের' জরা
ছুঁলে জাত যাবে - মরুক মড়া!
লোক হেঁটে যায়, মড়াটাকে দেখে

তবু হেঁটে যায়, মড়া পড়ে থাকে
মড়া মরে একা, একা ঠেকে শেখা...
গোপন রোগটা স্পষ্টই লেখা।
দূরে জমায়েত কুকুরের দল,
'তাজা মরদেহ' জিভে আনে জল!
ধীর-ধীর গতি - তাতে নেই ক্ষতি
মড়াটা স্থবির - কুকুরের গতি
বাড়ে ক্রমাগত, মড়া দুর্গত,
ভাইরাসে লাল হয়ে ওঠে ক্ষত।
হাতে মারে টান, মুখে মারে টান,
কুকুরের গ্রাস - মড়াকে বাঁচান!
তবু দ্রুত পা'য়, লোক হেঁটে যায় -
কুকুরের দাঁত মড়াটার গা'য়!

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।