‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।

ইদানিং আমি আর গল্প শুনি না
কবিতা পড়ি না, কিংবা খবরের কাগজও,
টিভির সামনে রিমোট হাতে বসি না...
হৈ-হৈ করা পুরোনো সাথীদের সাথে
বিকেলের আড্ডায় মাতি না,
ইদানিং সমুদ্রের ঢেউগুলো স্থবির মনে হয়
কারো জন্যে ঢেউ গুনে অপেক্ষা করার
কোনো মানে হয় না, বুঝে গেলে যেমনটি হয়...
তাই,
রাতের তারা গুনে গুনে অপেক্ষার প্রহর শেষে
বীভৎস বারুদ হয়ে আর উঠতে পারিনা,
ইদানিং ভালোবাসি বৃষ্টির সোঁদা গন্ধ,
ঝিঁঝিঁ পোকার ডাক,
জংলী অচেনা অখ্যাত ফুল...
ইদানিং আমি রুপবতী নীলাম্বরী নয়
ভালোবাসি এলোকেশী কাজলকালো মেঘ,
ভেসে যাওয়া মেঘের ভেলা,
মেঘের ভেতরে খুঁজে খুঁজে বের করি মানচিত্র
নানান দেশ, পাহাড় পর্বত, উপত্যকা, গুহা
নদী, সাগর, মহাসাগর, দেশ, মহাদেশ,
এবং মানুষও...!
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।
