কবিতা

মৃত আত্মার কথা



সৌমেন্দ্র দত্ত‌‌‌ ভৌমিক


মুখোমুখি দুই রাজা ও সৈন্য সমাবেশে
পুড়ছে মনের ভেতর মন ঠিক তখন,
তথাগত যাক না ভেসে
চোখের পাশে বেনোজলে
হু হু করে,
নজর শুধু দৈত্য ঘিরে আহ্লাদ
তার পটের বিবির মাঝখানে।

দু-দশটা লাশ ব্যস ব্যস
যথেষ্ট নয় রক্তখেকোর কাছে,
লোল জিহ্বায় টেনে নেয় স্পর্ধিত মুখ,
মুঠো মুঠো ছড়িয়ে আগুন,
বাড়ি গাড়ি সবকিছু
পুড়িয়ে
ঘৃতাহুতি তারপর,
উলুখাগড়া বসে আজি প্রাণটা দেবো বলে।

এভাবেই পঞ্চভূতে যাই বা না যাই
সলিল-সমাধির হাজার প্রকরণ
মৌমাছির মতন গুণগুণ করে কক্ষপথটা বানায় মজবুত,
এরপর ঘুরছি, চক্রাকারে সমানে ঘুরছি
মাথার ঘিলু প্রচুর তাপে টগবগ ফুটছে,
তবুও মানি না এটাই আমার শাস্তি - গতস্য শোচনা নাস্তি।

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।