কবিতা

আমি ধার্মিক বকের মতো



সফিউল আলম


আমি মোবাইল হাতে দাঁড়িয়ে আছি
অ্যাক্সিডেন্ট-প্রোন জোনে
কখন একটা সুন্দর দুর্ঘটনা ঘটে
তার অপেক্ষায়...

এক হাতে বাসি পাউরুটি আর এক হাতে
মোবাইল নিয়ে বসে আছি সেই সারমেয়টির অপেক্ষায়,
সামনে এলেই ছুঁড়ে দেব রুটি
ক্লিকের ঝলক দেব ক্যামেরায়।

আমি মোবাইল নিয়ে দাঁড়িয়ে দেখাচ্ছি
বাসের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু যন্ত্রনার
দুর্দান্ত লাইভ,
অনেক অনেক ভিউ হবে
হামলে পড়বে বুভুক্ষু জনতার চোখ...

এক হাতে সস্তা শীতের কম্বল
ন্যাঙটো শিশুর হাতে ধরিয়ে দিয়ে মঞ্চে
যুতসই সেল্ফি তুলে
মানবসেবায় 'মেরা দেশ মহান'
ক্যাপশন জুড়ে দেবো...

আমি মোবাইল হাতে অনবরত খুঁজে বেড়াই
যত ঘৃণা, বিদ্বেষ, হানাহানি, মব-লিঞ্চিঙ...
আমার কাছে হরেক ক্যাপশন
শুধু একটাই মিশন, ভিশন, অপশন
সুন্দর ক্যাপশনে খাঁটি দেশপ্রেমিক!