কবিতা

অ-সংযোগ



গৌতম সাহা (কাটোয়া)


কত কথা আর বলাই হয় না
কত পরাজয় ব্যর্থতা এ জন্মে তার
ঋণ শোধই করে না
গাঢ় হয়ে বসে থাকা রোদ এসে
জড়িয়ে ধরে না
পাখিরা যেমন চেনে আকাশের নীল
তেমন হলেও বেশ চলে যেত
রিকশাওয়ালাও জানে গন্তব্যের সাদাকালো
তবুও কত কথা বলাই হয় না
নিজের হিয়ার মাঝে এত ঝড়
তবু যেন কেউ বাঁশি বাজাতে আসে না
সকল সন্ধ্যা মিলেও তো
সন্ধ্যারতি নেই এখানে
শুধু রাত শুধু অন্য গড়নে সব চলে যায়।