বিবিধ

এল বি ডবলু



দেবাশিস সেনগুপ্ত


১৯৯৩-র ২৭শে জুলাই থেকে ১লা আগস্ট কলম্বো এস. এস. সি. স্টেডিয়ামে অনুষ্ঠিত ২য় ক্রিকেট টেস্ট ম্যাচে আজহারউদ্দিনের নেতৃত্বে ভারত অর্জুন রণতুঙ্গার শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছিল ২৩৫ রানে। ঐ ভারতীয় দলের ম্যানেজার ছিলেন ছবির এই ভদ্রলোক। এই জয় ছিল ১৯৮৬-তে ইংল্যান্ডকে কপিলদেবের নেতৃত্বে তাদের মাঠে হারাবার ৭ বছর পরে বিদেশের মাটিতে ভারতের প্রথম টেস্ট জেতা। ঐ ম্যাচে 'ম্যান অফ দি ম্যাচ' হয়েছিলেন মনোজ প্রভাকর। ৩ টেস্টের ঐ সিরিজ ভারত জিতেছিল ঐ ১-০ ব্যবধানেই।

ঐ কলম্বো টেস্টের স্কোর ছিল:
ভারত - ৩৬৬ ও ৩৫৯/৪।
শ্রীলঙ্কা - ২৫৪ ও ২৩৬।

শ্রীলঙ্কার দুই "দেশপ্রেমিক টাইগার" সেলিয়া পোন্নাদুরাই আর ইগনাশিয়াস আনন্দাপ্পা রেফারির পোষাকে মাঠে ছিলেন ঐ টেস্টে। শেষ দিন অজস্র জেনুইন এল বি ডবলুর আবেদন ক্রমাগত নাকচ করেও তারা শ্রীলঙ্কাকে হারের হাত থেকে বাঁচাতে পারেন নি।

খেলার শেষে ভারতীয় দলের ম্যানেজার সাংবাদিক সম্মেলনে তার রাগ উগরে দিয়েছিলেন মাত্র তিনটি বাক্যে। যদিও ভারতের ক্রিকেট ইতিহাসে অমর হয়নি ঐ বাক্য তিনটি, কিন্তু অমরত্ব পাওয়ার মত সব গুণ তাতে বিদ্যমান ছিল। সেদিন ভারতীয় দলের ম্যানেজারের উক্তি ছিল এইরকম:
"My departed father's name was Laxman Bijay Wadekar. Abbreviated form of his name was LBW. Probably, while departing, he has taken away the abbreviated form of his name with him."

সব চলে গেলেও স্মৃতি থেকে যায়। সেই স্মৃতি জানাচ্ছে যে, সেই ভারতীয় দলের ম্যানেজারই ছিলেন ১৯৭১ সালে বিদেশের মাঠে ভারতের পরাজয়ের পরাধীনতার গ্লানিমুক্ত করে জয় আনা দলের অধিনায়ক, যাকে না ফেরার দেশে চলে যেতে হয়েছিল ২০১৮-র স্বাধীনতা দিবসে।

অজিত লক্ষ্মণ ওয়াদেকারকে ভারতীয় ক্রিকেট কোনদিনই ভুলতে পারবে না।

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।