কবিতা

শব্দ-দেনা



সফিউল আলম


শব্দের কাছে আমার অনেক ধার-দেনা
দু'হাত ভরে নিয়েছি, ক্রমাগত
নিয়েই চলেছি,
শব্দের কাছে আমার অনেক ধার-দেনা
শোধ-বোধ এতদিনে সব ভুলেছি।

ভেঙেছি টুকরো টুকরো করে
যত খুচরো খুচরো অভিমান, অক্ষরে অক্ষরে
কেটেছি শব্দের অভিধান
বুননে সাজিয়ে নিয়েছি, প্রেয়সীর
বাহারি রুপের বয়ান।

শব্দের কাছে আমার অনেক অনেক ঋণ
শোধ-বোধ হারিয়েছি, জানি কোনোদিন
জীবনে হবে না শোধ,
তাই সবিনয়ে করজোড়ে
দু'হাত তুলেছি।